ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনা খুব দ্রুতই নিরসন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তার প্রশাসন যে কঠোর পদক্ষেপ নিচ্ছে, তাকে ‘সঠিক’ বলে দাবি করেছেন তিনি।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নিজের সমর্থকদের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প বলেন, “আপনারা যখন চলমান ঘটনাগুলো খতিয়ে দেখবেন, তখন বুঝতে পারবেন খুব গুরুত্বপূর্ণ কারণেই আমরা এসব করছি। আমরা ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারি না।” তিনি আরও যোগ করেন যে, অধিকাংশ মানুষই বর্তমান পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছে এবং সরকারের গৃহীত পদক্ষেপকে সমর্থন করছে।
ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, তেহরানের সঙ্গে চলমান অচলাবস্থা কাটাতে তিনি একটি বড় ধরনের সমঝোতা চুক্তির চেষ্টা চালাচ্ছেন। তার মতে, অর্থনৈতিক চাপ এবং কৌশলগত অবরোধ ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসতে বাধ্য করবে। ট্রাম্প জোর দিয়ে বলেন, খুব দ্রুতই এর সমাধান হবে।
ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধাবস্থা বিরাজ করছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নিয়ন্ত্রণ এবং মার্কিন নৌ-অবরোধ বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। এই পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের এমন ইতিবাচক মন্তব্য বিশ্ব বাজারে এবং কূটনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: রয়টার্স ও আল-জাজিরা