লাটভিয়ার প্রধানমন্ত্রী এভিকা সিলিনা পদত্যাগ করেছেন। রাশিয়ায় হামলার সময় ইউক্রেনের কয়েকটি ড্রোন লাতভিয়ার ভূখণ্ডে ঢুকে পড়ার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে সমালোচনার মুখে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৪ মে) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
গত সপ্তাহে পূর্ব লাটভিয়ায় দুটি ড্রোন বিধ্বস্ত হওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রিস স্প্রাদসকে বরখাস্ত করেছিলেন সিলিনা। এর প্রতিবাদে স্প্রাদসের দল দ্য প্রগ্রেসিভস সিলিনার নেতৃত্বাধীন জোট সরকার থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে। ফলে আগামী অক্টোবরের দেশটিতে নির্ধারিত সাধারণ নির্বাচনের কয়েক মাস আগেই সরকার ভেঙে পড়ে।
বৃহস্পতিবার সিলিনা বলেন, প্রতিরক্ষামন্ত্রীর পদে একজন শক্তিশালী প্রার্থী দেখেও রাজনৈতিক বাগাড়ম্বরকারীরা একটা সংকট তৈরি করেছে। আমি পদত্যাগ করছি, কিন্তু হাল ছাড়ছি না।
উল্লেখ্য, গত ৭ মে লাটভিয়ার আকাশসীমায় ইউক্রেনের তিনটি ড্রোন অনুপ্রবেশ করার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতার সূত্রপাত হয়। লাটভিয়া ও ইউক্রেন উভয়ই স্বীকার করেছে, ড্রোনগুলো সম্ভবত ইউক্রেনীয় ইউএভি ছিল, যেগুলো রাশিয়াকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। তবে সিগন্যাল জ্যাম হওয়ার কারণে সেগুলো পথভ্রষ্ট হয়ে লাটভিয়ায় ঢুকে পড়ে।