ইরানের সাথে চুক্তিতে তাড়াহুড়ো নেই: ট্রাম্প

ইরানের সাথে পরমাণু বা অন্য কোনো চুক্তিতে পৌঁছানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো তাড়াহুড়ো নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।

সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ইরানের সাথে একটি অত্যন্ত ‘চমৎকার চুক্তি’ করতে যাচ্ছে। তবে যদি কোনো চুক্তি সম্পন্ন না হয়, তবে ওয়াশিংটন ভিন্ন পথ অবলম্বন করবে। তিনি বলেন, যদি চুক্তি না হয়, তাহলে আমরা সামরিকভাবে বিষয়টি শেষ করব। তবে ট্রাম্প জোর দিয়ে বলেন, সামরিক পদক্ষেপের চেয়ে তিনি একটি চুক্তিতে পৌঁছানোকেই বেশি অগ্রাধিকার দেবেন। কারণ একটি চুক্তি সফল হলে তা ‘অনেক মানুষের জীবন বাঁচাবে’। এছাড়া চুক্তি স্বাক্ষরের সাথে সাথেই আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ অবিলম্বে উন্মুক্ত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইরানের বর্তমান শাসনব্যবস্থা ও তাদের কর্মকর্তাদের ‘খুবই শক্ত আলোচক বা মধ্যস্থতাকারী’ হিসেবে বর্ণনা করেন ট্রাম্প। তিনি জানান, যুক্তরাষ্ট্র তাড়াহুড়ো না করে ধীরে ধীরে তার লক্ষ্য অর্জনের দিকেই এগোচ্ছে। চুক্তির প্রক্রিয়া নিয়ে ট্রাম্প বলেন, এতে দীর্ঘ সময় লাগে এবং আমার কোনো তাড়াহুড়ো নেই। আপনি যদি কোনো বিষয়ে খুব বেশি তাড়াহুড়ো করতে যান, তবে কখনোই ভালো কোনো চুক্তি করতে পারবেন না। আমরা খুব ধীরস্থিরভাবে কিন্তু নিশ্চিত পদক্ষেপের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছি।

মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট বার্তা দিয়ে বলেন, আলোচনার মাধ্যমে যদি মার্কিন প্রশাসন তাদের চাহিদা অনুযায়ী ফলাফল না পায়, তবে তারা ভিন্ন উপায়ে এই সমস্যার অবসান ঘটাবেন। ট্রাম্পের এমন মন্তব্য তেহরানের ওপর ওয়াশিংটনের চলমান ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের কৌশলকেই পুনর্ব্যক্ত করে। সূত্র: আলজাজিরা