ইরান চুক্তিতে ‘সংশোধনী’ চান ট্রাম্প

ইরানের সাথে পরমাণু চুক্তিতে কয়েকটি গুরুত্বপূর্ণ ‘সংশোধনী’ আনার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে ট্রাম্প তাঁর দলকে ওই চুক্তির নির্দিষ্ট কয়েকটি ধারা পরিবর্তন করার নির্দেশ দেন। আল জাজিরার আজ রবিবারের (৩১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের প্রস্তাবিত এই সংশোধনীর মূল লক্ষ্য হলো ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত বিষয়গুলো। বর্তমানে বিদ্যমান চুক্তিতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করলেও, এর বাইরে নির্দিষ্ট কিছু ছাড়ের ব্যাপারে বিস্তারিত উল্লেখ নেই। মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছেন, এই সংশোধনীর মাধ্যমে মূলত কীভাবে যুক্তরাষ্ট্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত নিজের নিয়ন্ত্রণে পাবে এবং তার সময়সূচি কী হবে, তা সুনির্দিষ্ট করা হবে।

সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানিয়েছে, ট্রাম্প আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট ‘হরমুজ প্রণালি’ পুনরায় চালুর বিষয়টি ঘিরেও চুক্তিতে পরিবর্তন আনতে চান।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংশোধনীর বিষয়ে ইরানের প্রতিক্রিয়া পেতে তিন দিনের মতো সময় লাগতে পারে। তবে সপ্তাহের শুরুতেই তেহরানের কাছ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়ার আশা করছে ওয়াশিংটন।

উল্লেখ্য, এর আগে এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতার কথা উল্লেখ করে বলেছিলেন, ৯ মাস আগে যদি বি-২ বোমারু বিমান দিয়ে ইরানের ওপর হামলা চালানো না হতো, তবে এতদিনে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত। সে ক্ষেত্রে ইসরায়েলসহ পুরো মধ্যপ্রাচ্যের অস্তিত্বই সংকটে পড়ত বলে দাবি করেন তিনি। সূত্র: আলজাজিরা