যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি জীবিত আছেন তো বটেই, উপরন্তু দিনকে দিন তার সক্রিয়তা বাড়ছে।
গতকাল যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন রুবিও। এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, তিনি জীবিত আছেন এবং আমরা এমন ইঙ্গিত পেয়েছি যে দিন দিন তিনি আরও বেশি সক্রিয় হচ্ছেন।
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দ্বন্দ্বের জেরে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে বিমান অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা ৪০ দিন ধরে সংঘাতের পর গত ৮ এপ্রিল ইরানে যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। সংঘাতের প্রথম দিনই নিহত হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার স্ত্রী এবং মোজতবা খামেনির স্ত্রী ও সন্তান।
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের জন্যই ৮ ফেব্রুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তবে সেই চুক্তি এখনও হয়নি, উপরন্তু পরস্পরকে লক্ষ্য করে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার জেরে বর্তমানে ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে যুদ্ধবিরতি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি বিষয়ক আলোচনাও স্থবির অবস্থায় আছে। তবে রুবিওর দাবি, আলোচনা চলমান আছে এবং চুক্তিস্বক্ষরও শিগগিরই হবে।
সিনেট কমিটিকে রুবিও আরও বলেন- আমাদের সামনে একটি সম্ভাবনা রয়েছে, যা আজ ঘটতে পারে, কালও ঘটতে পারে কিংবা আগামী সপ্তাহেও ঘটতে পারে। ইরানকে শুধু স্পষ্টভাবে বলতে হবে যে হরমুজ প্রণালি উন্মুক্ত এবং কোনো বিদেশি জাহাজে তারা হামলা করবে না কিংবা তাদের থেকে টোল নেবে না। তারপর সেই প্রণালি থেকে মাইন সরাতে আমরা তাদের সহযোগিতা করব। সূত্র : এএফপি, এনডিটিভি