ইরান যুদ্ধ ঠেকাতে মার্কিন প্রতিনিধি পরিষদে রেজল্যুশন পাস

ইরানে যুদ্ধ থামানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাধ্য করতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) একটি রেজল্যুশন পাস হয়েছে। গত বৃহস্পতিবার বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি এই বিলটি ভোটের জন্য উত্থাপন করে।

বিলটিতে উল্লেখ আছে যে, ইরান যুদ্ধের জন্য বর্তমানে মধ্যপ্রাচ্যের জলসীমায় অবস্থানরত মার্কিন সেনাদের সেখানে রাখতে হলে ট্রাম্প প্রশাসনকে অবশ্যই কংগ্রেসের অনুমোদন নিতে হবে। একই সাথে কংগ্রেসের পক্ষ থেকে চূড়ান্ত অনুমোদন না পাওয়া পর্যন্ত ইরান যুদ্ধের জন্য মোতায়েন করা সব মার্কিন সেনাকে ফিরিয়ে আনার কথাও বলা হয়েছে।

ভোটপর্ব শেষে দেখা যায়, প্রতিনিধি পরিষদের ২১৫ জন এমপি এই বিলের পক্ষে এবং ২০৮ জন বিপক্ষে ভোট দিয়েছেন। বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির আনা এই বিলে সরকারি দল রিপাবলিকান পার্টির ৪ জন এমপিও সমর্থন জানিয়েছেন। যদিও কংগ্রেসের দুই কক্ষেই রিপাবলিকানরা সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ, তবুও ইরান যুদ্ধ ইস্যুতে এমন রেজল্যুশন পাস হওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

তবে ট্রাম্পের জন্য আপাতত স্বস্তির বিষয় হলো, রেজল্যুশনটি এখনই কার্যকর হচ্ছে না। নিম্নকক্ষে পাসের পর এটি এখন উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। সেখানে আলোচনা, বিতর্ক এবং ভোটাভুটিতে পাস হলেই কেবল এটি চূড়ান্তভাবে কার্যকর হবে।