আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি মুদ্রাস্ফীতি ভালোবাসেন। তিনি এমন এক সময় এ মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্রের বাজারে মূল্যস্ফীতি টানা বাড়তে থাকায় সাধারণ মানুষের ওপর চাপ বাড়ছে।

যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক তথ্য প্রকাশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।

গত মে মাসে যুক্তরাষ্ট্রের বার্ষিক মূল্যস্ফীতি ৪ দশমিক ২ শতাংশে পৌঁছানোর পর হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, সাম্প্রতিক আঞ্চলিক সংঘাত ও অর্থনৈতিক চাপ সত্ত্বেও তিনি মোটেও উদ্বিগ্ন নন। তিনি বলেন, আমি মোটেও উদ্বিগ্ন না, আমি এটা ভালোবাসি। সংখ্যাগুলো দুর্দান্ত ছিল।

পরিসংখ্যান অনুযায়ী, মে মাসের এই ৪ দশমিক ২ শতাংশ মূল্যস্ফীতি টানা তিন মাসের মতো বৃদ্ধি এবং এটি গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ২ দশমিক ৪ শতাংশ থাকলেও মার্চে তা বেড়ে ৩ দশমিক ৩ শতাংশ এবং এপ্রিলে ৩ দশমিক ৮ শতাংশে দাঁড়ায়।

এদিকে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি ও ইরানের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণার মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ ডলারের কাছাকাছি পৌঁছেছে। এ প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, মার্কিন সামরিক পদক্ষেপ ও কৌশলের কারণে তেলের বাজার এখনো নিয়ন্ত্রণে রয়েছে। তবে জাহাজ ধ্বংস বা তেলের বাজারে তাঁর সরাসরি প্রভাব সংক্রান্ত দাবির পক্ষে তাৎক্ষণিক কোনো স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি।

অর্থনীতিবিদদের মতে, মূল্যস্ফীতির এই ধারাবাহিক ঊর্ধ্বগতি সাধারণ মানুষের ভোক্তা ব্যয় এবং ব্যাংকের সুদের হারের ওপর বড় প্রভাব ফেলবে। একই সাথে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও জ্বালানি বাজারের অস্থিরতা আগামী দিনগুলোতে মার্কিন অর্থনীতিকে আরও ঝুঁকিতে ফেলতে পারে বলে তারা আশঙ্কা করছেন।