বৈরুতে ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, এমন হামলা এই মুহূর্তে হওয়া উচিত ছিল না, বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যে একটি সম্ভাব্য সমঝোতা চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে যে ঘটনার জেরে বৈরুতে হামলা চালানো হয়েছে, সেটি ছিল তুলনামূলকভাবে ছোট একটি ঘটনা। এতে কেউ নিহত বা আহত হয়নি। তাই এমন প্রতিক্রিয়া চলমান কূটনৈতিক প্রচেষ্টার জন্য সহায়ক নয় বলেই মনে করেন তিনি।
ট্রাম্পের দাবি, একটি সমঝোতা এখন খুব কাছাকাছি অবস্থানে রয়েছে, যা বাস্তবায়িত হলে শুধু লেবানন নয়, পুরো অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার পথ খুলে যেতে পারে।
এ কারণে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, লেবাননে ইসরায়েলের আর কোনো হামলা যেমন কাম্য নয়, তেমনি হিজবুল্লাহ বা অন্য কোনো পক্ষের পক্ষ থেকেও ইসরায়েলকে লক্ষ্য করে নতুন হামলা হওয়া উচিত নয়।
তার ভাষায়, বহুদিনের কূটনৈতিক প্রচেষ্টার পর যখন একটি সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে, তখন নতুন করে উত্তেজনা ছড়িয়ে সেই সুযোগ নষ্ট করা ঠিক হবে না। সূত্র: আলজাজিরা