যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য নতুন সমঝোতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে কোনো নতুন চুক্তি ২০১৫ সালের পরমাণু সমঝোতার তুলনায় উল্লেখযোগ্যভাবে ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, 'নতুন যে কোনো সমঝোতা আমাদের করা মূল চুক্তির তুলনায় খুব বেশি ভিন্ন বা উল্লেখযোগ্য উন্নত হবে, এমনটা মনে করার কারণ নেই।'
তিনি ২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তির কথা উল্লেখ করে বলেন, সেই সমঝোতা দীর্ঘ সময় কার্যকর ছিল এবং কাজও করেছিল। পরে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ার পর পরিস্থিতির পরিবর্তন ঘটে।
ওবামার মতে, আন্তর্জাতিক সংকট মোকাবিলায় সব সময় শতভাগ শর্ত আদায় সম্ভব হয় না। তবে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে এগোনোর চেয়ে কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো বেশি বাস্তবসম্মত পথ।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত কেবল চাপ প্রয়োগ বা সামরিক শক্তির ওপর নির্ভর না করে বিস্তৃত কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সমাধান খোঁজা। ইরানকে ঘিরে বর্তমান আলোচনা সেই বাস্তবতারই একটি স্মারক বলে মন্তব্য করেন তিনি।
সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 'শুধু ভয় দেখিয়ে বা বোমা ফেলে সব সমস্যার সমাধান করা যায় না। এতদিনে আমাদের সেই শিক্ষা পাওয়ার কথা ছিল।'
ওবামার এই মন্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য নতুন সমঝোতা নিয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিও নতুন করে আলোচনায় এসেছে। সূত্র: আলজাজিরা