আমিই বস: ট্রাম্প

জি-সেভেন শীর্ষ সম্মেলনে বিশ্বনেতাদের সামনে ‘আমিই বস’ মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার অঙ্গীকারও করেছে জি-সেভেনভুক্ত দেশগুলো।

ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে অনুষ্ঠিত ১৫-১৭ জুনের জি-সেভেন সম্মেলনে ট্রাম্পের এই মন্তব্য আসে বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তাবিষয়ক এক অধিবেশনে যোগ দেওয়ার সময়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার মিত্ররা সম্মেলনে ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করেন যে, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের পাল্টা অগ্রগতি ফল দিচ্ছে এবং শান্তি আলোচনায় রাশিয়া একতরফাভাবে শর্ত চাপিয়ে দেওয়ার অবস্থানে নেই।

সম্মেলন শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে ইউক্রেনের প্রতি সমর্থন এবং রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি সম্ভাব্য শান্তি আলোচনায় কিয়েভের অবস্থান আরও শক্তিশালী করতে পারে।

গত বছর কানাডায় অনুষ্ঠিত জি-সেভেন সম্মেলনে ইউক্রেন প্রশ্নে কোনো যৌথ অবস্থান গৃহীত হয়নি। ফলে এবারের বিবৃতি ট্রাম্প প্রশাসনের অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানে পরিবর্তন এসেছে। আমাদের দৃষ্টিতে রাশিয়ার বিষয়ে এখন তাদের অবস্থান আরও কঠোর এবং যুদ্ধক্ষেত্রের বাস্তবতার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।

তবে মস্কোকে শান্তি আলোচনায় বাধ্য করার ক্ষেত্রে এখনও অনেকটাই ট্রাম্পের সিদ্ধান্তের ওপর নির্ভর করতে হবে। বিশেষ করে রুশ তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা-সংক্রান্ত ছাড় অব্যাহত থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এদিকে ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি-এর মধ্যে পৃথক বৈঠক হবে কি না, সেটিও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।

সম্মেলনে ট্রাম্পের ‘আমিই বস’ মন্তব্যকে অনেকে রসিকতা হিসেবে দেখলেও, আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব ও নেতৃত্বের বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে। সূত্র: রয়টার্স