ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে প্রাণহানির প্রথম আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, প্রলয়ঙ্কারী এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৩২ জন নিহত এবং ৭০০ জন আহত হয়েছেন।
ধসে পড়া ভবনগুলোর নিচে এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় উদ্ধারকাজ বাড়ার সাথে সাথে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রেসিডেন্ট রদ্রিগেজ দেশের সার্বিক পরিস্থিতিকে একটি ‘প্রকৃত মহাবিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করেছেন।
তিনি জানান, রাজধানী কারাকাসের পাশাপাশি উপকূলীয় শহর লা গুয়াইরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অন্তত ডজনখানেক বহুতল ভবন হুড়মুড় করে ধসে পড়েছে।
ইতিমধ্যেই দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং মারাত্মক ক্ষয়ক্ষতির কারণে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরটি সম্পূর্ণ বন্ধ রয়েছে।
এই চরম সংকটের মুহূর্তে ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দুর্যোগ পরবর্তী জরুরি মানবিক সহায়তা ও উদ্ধারকাজে সহযোগিতার প্রস্তাব দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ডেলসি রদ্রিগেজ।
ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আরও নিশ্চিত করেছেন যে, ধসে পড়া কংক্রিটের স্তূপ থেকে জীবিতদের দ্রুত উদ্ধার করতে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে দক্ষ ও বিশেষজ্ঞ উদ্ধারকারী দল ভেনেজুয়েলায় এসে পৌঁছাবে। বর্তমানে স্থানীয় উদ্ধারকর্মীদের সাথে স্বেচ্ছাসেবীরা দিনরাত এক করে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।