মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় একটি বৈঠক অনুষ্ঠিত হবে। তবে এই ঘোষণার অল্প সময় আগেই তেহরান স্পষ্টভাবে জানিয়েছিল, চলতি সপ্তাহে কাতারে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে তাদের কোনো বৈঠক নির্ধারিত নেই। ফলে সম্ভাব্য এই আলোচনাকে ঘিরে দুই পক্ষের অবস্থানে নতুন করে স্পষ্ট অসঙ্গতি দেখা দিয়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানই আলোচনার অনুরোধ জানিয়েছে। তিনি লেখেন, ‘ইরান বৈঠকের অনুরোধ করেছে। আগামীকাল দোহায় সেই বৈঠক অনুষ্ঠিত হবে।’
অন্যদিকে এর আগে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাশেম গারিবাবাদি সাংবাদিকদের বলেন, চলতি সপ্তাহে কাতারে যুক্তরাষ্ট্রের ‘কারিগরি দল’ বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। তার এই বক্তব্যের পরপরই ট্রাম্পের ঘোষণায় দুই দেশের অবস্থানের মধ্যে স্পষ্ট বিরোধ সামনে আসে।
ফলে দোহায় সম্ভাব্য এই বৈঠক আদৌ অনুষ্ঠিত হবে কি না, কিংবা দুই পক্ষের মধ্যে পর্দার আড়ালে নতুন কোনো কূটনৈতিক যোগাযোগ চলছে কি না, তা নিয়ে অনিশ্চয়তা ও জল্পনা আরও বেড়েছে।
এখন পর্যন্ত এ বিষয়ে ইরানের পক্ষ থেকে ট্রাম্পের সর্বশেষ দাবির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আলজাজিরা