ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে ন্যাটোভুক্ত কয়েকটি দেশের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই মন্তব্যে জোটের ভেতরে যুদ্ধকালীন সমন্বয় ও সদস্যদের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানের সময় অনেক মিত্র দেশ প্রত্যাশিত সহায়তা দেয়নি। বিশেষ করে সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়ে যুক্তরাজ্য ও ইতালির ভূমিকা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
ট্রাম্পের পাশে বসা ন্যাটো মহাসচিব মার্ক রুটে অবশ্য ইউরোপের পক্ষেই অবস্থান নেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইরান অভিযানে সহায়তা দিতে ইউরোপীয় বিমানবন্দরগুলো থেকে প্রায় পাঁচ হাজার বিমান উড্ডয়ন করেছে।
তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনের জন্য ইউরোপ কার্যত একটি বৃহৎ কার্যক্রম পরিচালনার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।
তবে রুটের এই ব্যাখ্যায় সন্তুষ্ট হননি ট্রাম্প। তিনি পাল্টা দাবি করেন, যুক্তরাজ্য তাদের সব সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি। একই সঙ্গে ইতালির সহযোগিতাকেও তিনি ‘খুবই খারাপ’ বলে মন্তব্য করেন।
ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরানকে কেন্দ্র করে সাম্প্রতিক সামরিক সংঘাতের পর পশ্চিমা মিত্রদের মধ্যে সমন্বয়, প্রতিরক্ষা দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ যৌথ অভিযানে সহযোগিতার প্রশ্ন আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। সূত্র: আলজাজিরা