যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তাঁর পূর্বনির্ধারিত ইসরায়েল সফর বাতিল করেছেন। এমন এক সময়ে এই সিদ্ধান্ত এলো, যখন মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক সামরিক ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা চলছে।
ইসরায়েলের চ্যানেল ১২–এর বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, হেগসেথের এই সফর আপাতত বাতিল করা হয়েছে। তবে সফর স্থগিতের কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।
এর আগে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছিল, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হেগসেথের প্রথম ইসরায়েল সফর হওয়ার কথা ছিল। সম্ভাব্য এই সফরের অন্যতম উদ্দেশ্য ছিল তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা নিয়ে ইসরায়েলের উদ্বেগ দূর করা।
তুরস্কের কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা দীর্ঘদিন ধরেই ইসরায়েলের জন্য একটি স্পর্শকাতর বিষয়। কারণ, মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব বজায় রাখতে এ ধরনের অস্ত্র বিক্রির বিষয়ে তেল আবিব বরাবরই সতর্ক অবস্থান নিয়ে এসেছে।
হেগসেথের সফর বাতিলের ফলে ওয়াশিংটন–তেল আবিবের চলমান নিরাপত্তা সংলাপ এবং তুরস্ককে ঘিরে প্রতিরক্ষা সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। সুত্র: ডন