যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের অনুরোধে তিনি ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন। তবে একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি আর কার্যকর নেই।
শুক্রবার (১০ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের পক্ষ থেকে আলোচনার অনুরোধ পাওয়ার পর যুক্তরাষ্ট্র তা অব্যাহত রাখতে সম্মত হয়েছে।
তবে আলোচনার বিষয়টি নিশ্চিত করলেও যুদ্ধবিরতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে যে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে।
ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময় এলো, যখন সাম্প্রতিক দিনগুলোতে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনা নতুন করে বেড়েছে। একই সঙ্গে কূটনৈতিক যোগাযোগও অব্যাহত রয়েছে।
তাঁর সর্বশেষ মন্তব্যে একদিকে আলোচনার দরজা খোলা রাখার ইঙ্গিত মিললেও, অন্যদিকে যুদ্ধবিরতি শেষ হওয়ার ঘোষণা পরিস্থিতির অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলেছে। সূত্র: আলজাজিরা