কানাডায় ৮৫০টি দাবানল, বিপর্যস্ত জনজীবন

কানাডাজুড়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) পর্যন্ত ৮৫০টির বেশি দাবানল জ্বলছে। এতে সৃষ্ট ঘন ধোঁয়া দেশটির বিভিন্ন অঞ্চল ছাড়িয়ে সীমান্তবর্তী এলাকাতেও ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দেশটির বৃহত্তম শহর টরন্টোতে, যেখানে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের রেকর্ড করা হয়েছে। এ পরিস্থিতিতে টরন্টো ও দক্ষিণ অন্টারিওর বিস্তীর্ণ এলাকায় স্বাস্থ্য সতর্কতা জারি করেছে এনভায়রনমেন্ট কানাডা।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২৮ লাখ মানুষের শহর টরন্টোয় দাবানলের ধোঁয়ার কারণে বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। সংস্থাটি বাসিন্দাদের অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দাবানলের ধোঁয়ায় থাকা ক্ষতিকর সূক্ষ্ম কণা ও বিষাক্ত গ্যাস ফুসফুস এবং রক্তপ্রবাহে প্রবেশ করে হৃদরোগ, স্ট্রোক, হাঁপানিসহ বিভিন্ন শ্বাসতন্ত্রের জটিলতার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

দাবানলের কারণে ইতোমধ্যে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি এলাকায় নতুন করে লোকজনকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বজ্রপাতের কারণে শুষ্ক বনাঞ্চলে আগুন লাগার পাশাপাশি মানবসৃষ্ট কারণেও অনেক দাবানলের সূত্রপাত হয়েছে।

সবচেয়ে নাজুক পরিস্থিতি উত্তর অন্টারিওতে। সেখানে বর্তমানে ১৩৬টি দাবানল জ্বলছে। বৃহস্পতিবার পর্যন্ত পুরো অন্টারিও প্রদেশে মোট ৪৮৩টি দাবানলের তথ্য নথিভুক্ত হয়েছে, যা গত বছরের একই সময়ের ৩৫১টির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

পরিস্থিতির আরও অবনতি হলে দ্রুত সরিয়ে নেওয়ার কার্যক্রমে সহায়তার জন্য বিমান প্রস্তুত রাখতে কানাডার ফেডারেল সরকারের কাছে অনুরোধ জানিয়েছে অন্টারিও প্রাদেশিক সরকার।

দাবানলের প্রভাব কানাডার সীমানা ছাড়িয়েও বিস্তৃত হচ্ছে। সীমান্ত অতিক্রম করে ধোঁয়া প্রতিবেশী অঞ্চলগুলোর বায়ুমানেরও উল্লেখযোগ্য অবনতি ঘটাচ্ছে।