ইসরায়েল নিয়ে প্রকাশ্যে বক্তব্য, সপরিবারে হত্যার হুমকি পেলেন মামদানি

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে প্রকাশ্যে অবস্থান নেওয়ার কারণে নিজে এবং তার স্ত্রী হত্যার হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

মার্কিন সাময়িকী রোলিং স্টোনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। বৃহস্পতিবার (২৩ জুলাই) এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

সাক্ষাৎকারে মামদানি বলেন, মৃত্যুর হুমকির জন্য নিজেকে প্রস্তুত করা সহজ নয়। তবে সবার পক্ষে দৃঢ় অবস্থান নিলে তার কিছু পরিণতি থাকবেই।

তিনি জানান, নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার সদস্য থাকাকালেও একই ধরনের হুমকি পেয়েছিলেন। সে সময় তিনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার সমালোচনা এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।

মামদানি বলেন, মেয়র নির্বাচিত হওয়ার আগেই এ ধরনের হুমকি আসতে শুরু করে এবং দায়িত্ব গ্রহণের পরও তা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, গাজা যুদ্ধ এবং ইসরায়েল প্রসঙ্গে তার অবস্থানের কারণে তার স্ত্রীও সমালোচনা ও প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন।

অন্যদিকে দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে জোহরান মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার দ্য হেগে হওয়া উচিত।

তবে তিনি স্পষ্ট করেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার মতো স্বাধীন আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই। এ ধরনের পদক্ষেপ নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ওপরই বর্তায়।