যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫

যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে বন্দুক হামলায় ২ জন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন।

এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সময় রোববার (২৬ জুলাই) সিয়াটল পুলিশ জানায়, ঘটনায় একাধিক বন্দুকধারী জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়নি।  

এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলেই দুইজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশু রয়েছে। তাকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার সময় সিয়াটল সেন্টারে ‘বাইট অব সিয়াটল’ নামে জনপ্রিয় একটি খাবার উৎসব চলছিল। সপ্তাহান্তব্যাপী এ আয়োজনে শত শত খাবারের স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি ছিল।

এছাড়া ৫৬ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক। আরেকজন আহত ব্যক্তি সামান্য আঘাত পাওয়ায় হাসপাতালে ভর্তি না হলেও বাকি আহতদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ফায়ার সার্ভিস।   

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিয়াটল পুলিশ জানায়, সিয়াটল সেন্টার এলাকায় গুলির ঘটনাটি ঘটেছে। ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী।