যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত আলোচনাকে নিজের দেখা 'অন্যতম সেরা বৈঠক' বলে বর্ণনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াশিংটন-তেল আবিব সম্পর্কে ফাটল ধরার সব ধরনের গুঞ্জন ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
নেতানিয়াহু বলেন, যারা মার্কিন-ইসরায়েল জোটে ফাটল খোঁজার চেষ্টা করছেন, তাদের নিরাশ করতে তিনি সব সময়ই অপছন্দ করেন। কিন্তু বিরোধীরা ফাটলের জায়গায় যা দেখতে পাবে, তা মূলত গ্রানাইটের শক্ত দেয়াল।
ইরানের পারমাণবিক সক্ষমতা রুখতে উভয় দেশের অভিন্ন অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা তেহরানের এই উগ্রপন্থী শাসকগোষ্ঠীর হাতে কোনোভাবেই পরমাণু অস্ত্র দেখতে চাই না, যা প্রতিটি আমেরিকান, বিশ্বশান্তি এবং ইসরায়েলের অস্তিত্বের জন্য চরম হুমকি স্বরূপ।
নেতানিয়াহু জোর দিয়ে বলেন, কূটনৈতিক বা অন্য যেকোনো উপায়েই হোক না কেন, তাদের এই যৌথ লক্ষ্য অর্জিত হবেই।
উল্লেখ্য, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত ৮ বার হোয়াইট হাউস সফর করেছেন নেতানিয়াহু, যা অন্য যেকোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের চেয়ে সর্বাধিক। সূত্র: আল-জাজিরা