পেরুর ঐতিহাসিক নাজকা প্রত্নতাত্ত্বিক এলাকার কাছে শনিবার (১ আগস্ট) একটি পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
নাজকা পৌর কর্তৃপক্ষ ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, বিমানটি বিশ্বের বিখ্যাত নাজকা লাইনস দর্শনের জন্য পর্যটকদের নিয়ে আকাশভ্রমণে বের হয়েছিল।
শত শত বছর আগে পেরুর আদিবাসীরা মরুভূমির মাটিতে বিশাল আকৃতির যে ভূচিত্র (জিওগ্লিফ) তৈরি করেছিলেন, সেটিই নাজকা লাইনস নামে পরিচিত। প্রাণীসহ বিভিন্ন আকৃতির এসব নকশা মূলত আকাশ থেকে কিংবা বিশেষ পর্যবেক্ষণ টাওয়ার থেকে স্পষ্টভাবে দেখা যায়।
কর্তৃপক্ষ জানায়, বিমানটি কাছের ইকা শহর থেকে উড্ডয়ন করেছিল এবং এটি পেরুর বেসরকারি বিমান সংস্থা অ্যারোডিয়ানা (Aerodiana) পরিচালনা করছিল। সংস্থাটির ওয়েবসাইট অনুযায়ী, তারা গত ১৪ বছর ধরে সেসনা গ্র্যান্ড ক্যারাভান উড়োজাহাজ ব্যবহার করে নাজকা লাইনের ওপর দর্শনীয় ফ্লাইট পরিচালনা করে আসছে।
পেরুর বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানে ১১ জন বিদেশি পর্যটক এবং দুইজন ক্রু সদস্য ছিলেন।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আগেনসিয়া আন্দিনা জানিয়েছে, নিহত বিদেশি পর্যটকদের মধ্যে দুইজন জার্মান, দুইজন স্প্যানিশ এবং সাতজন ইতালীয় নাগরিক ছিলেন।
পেরুর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তবে এ বিষয়ে অ্যারোডিয়ানা কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।