ইয়েমেনে হুথি হামলার নিন্দা জানালো মার্কিন দূতাবাস

ইয়েমেনের মারিব ও হাদরামাউত অঞ্চলে হুথি হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনে মার্কিন দূতাবাস বলেছে, এসব হামলায় নিহত ইয়েমেনি সেনারা দেশের জন্য সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন।

ইয়েমেনের মারিব ও হাদরামাউতে হুথি গোষ্ঠীর সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের দূতাবাস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন মিশন এসব হামলাকে 'কাপুরুষোচিত' বলে উল্লেখ করে এবং নিহত ইয়েমেনি সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানায়।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, 'আজ নিহত সাহসী ইয়েমেনি সেনাদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।'

মার্কিন দূতাবাস আরও দাবি করেছে, এ হামলাগুলো ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সন্ত্রাসবাদের আরেকটি উদাহরণ।

এর আগে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী জানায়, হুথিরা মারিব ও হাদরামাউতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যাতে বহু সেনা নিহত ও আহত হন। হুথি গোষ্ঠীও পরে একটি 'বৃহৎ ও বিশেষ সামরিক অভিযান' পরিচালনার কথা ঘোষণা করে।

জুলাইয়ের শুরু থেকে ইয়েমেনের বিভিন্ন ফ্রন্টলাইনে সরকারপন্থী বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষ আবারও বেড়েছে। ২০২২ সালের যুদ্ধবিরতির পর তুলনামূলক শান্ত অবস্থা থাকলেও সাম্প্রতিক ঘটনাগুলো নতুন করে উত্তেজনা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। সূত্র: আলজাজিরা