ইরান যুদ্ধের চাপে অস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ পেন্টাগনের

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে অস্ত্র ও গোলাবারুদের ঘাটতি সামাল দিতে মার্কিন প্রতিরক্ষা শিল্পকে উৎপাদন ও সরবরাহ দ্রুত বাড়ানোর নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি স্মারকলিপির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। গত বুধবার (৫ আগস্ট) মার্কিন উপপ্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফেইনবার্গ প্রতিরক্ষা শিল্পের শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের উৎপাদন ও সরবরাহের গতি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা জমা দিতে বলেন।

চিঠিতে আগামী ২১ দিনের মধ্যে এমন পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতার ক্ষেত্রে দ্রুত সরবরাহ নিশ্চিত করা এবং উৎপাদন বাড়ানোর বিষয়টি স্পষ্ট থাকে।

ফেইনবার্গ বলেন, বছরের পর বছর ধরে চলা অস্ত্র ও সামরিক সরঞ্জাম উন্নয়নের প্রক্রিয়া এখন আর গ্রহণযোগ্য নয়। বর্তমান পরিস্থিতিতে কর্মসূচির সময়সীমা নাটকীয়ভাবে কমানোর পাশাপাশি উৎপাদন সক্ষমতা দ্রুত সম্প্রসারণ করতে হবে।

ইরান যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারে ঘাটতি নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিশেষ করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে এসব ঘাটতির খবর অস্বীকার করে দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ গোলাবারুদ রয়েছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বড় পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী সেগুলো যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে।

পেন্টাগনের সর্বশেষ নির্দেশ অবশ্য যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাবের মধ্যে মার্কিন অস্ত্র উৎপাদন ও সরবরাহব্যবস্থার ওপর বাড়তে থাকা চাপের ইঙ্গিত দিচ্ছে। সূত্র: ডন