প্রকাশ্যে নিন্দা জানাতে নেতানিয়াহুর ওপর যুক্তরাষ্ট্রের চাপ

পশ্চিম তীরের কুসরা গ্রামে ফিলিস্তিনি একটি বাড়ি ঘিরে উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অবরোধের ঘটনায় প্রকাশ্যে নিন্দা জানাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

রয়টার্সকে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, হোয়াইট হাউসের কর্মকর্তারা নেতানিয়াহুকে ওই ঘটনার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছেন। সংবেদনশীল আলোচনা নিয়ে কথা বলায় নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা এসব তথ্য দেন।

এরই মধ্যে ঘটনাটি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি, যিনি পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের কট্টর সমর্থক হিসেবে পরিচিত, বৃহস্পতিবার (১৩ আগস্ট) ফিলিস্তিনি একটি বাড়ি অবরোধকারী বসতি স্থাপনকারীদের ইসরায়েলি সন্ত্রাসী বলে নিন্দা করেন।

মার্কিন কর্মকর্তাদের চাপের পেছনে ওই বাড়িতে একজন ফিলিস্তিনি-আমেরিকান নাগরিকের অবস্থানের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দুই কর্মকর্তা জানান, বাড়িটি অবরোধের ঘটনায় ওই ব্যক্তির উপস্থিতির কথা জানতে পেরে ওয়াশিংটন এ বিষয়ে প্রতিবাদ জানানো শুরু করে।

শুক্রবারও (১৪ আগস্ট) কুসরার পরিস্থিতি অব্যাহত ছিল। এ সময় ইসরায়েলি সেনাদের ওই বাড়ির পাশের একটি ভবনে অবস্থান নিতে দেখা যায়।

তবে নেতানিয়াহু এখনো কুসরার ঘটনাটি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তাঁর কার্যালয় এবং হোয়াইট হাউসও এ বিষয়ে মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিক জবাব দেয়নি।

ঘটনাটি এমন এক সময়ে সামনে এলো, যখন পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা ও ফিলিস্তিনিদের ওপর হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। কুসরার ঘটনায় ওয়াশিংটনের প্রকাশ্য নিন্দার পর এখন নেতানিয়াহু সরকার কী অবস্থান নেয়, সেদিকেই নজর রয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল