সম্পর্ক ভেঙে যাওয়ার ক্ষোভ থেকে সাবেক সঙ্গীর বাড়িতে ঢুকে চারজনকে গুলি করে হত্যার পর আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দোষ স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক তরুণ। হত্যার পর বাড়িতে থাকা তিনটি কুকুরকেও আগুনে পুড়ে মরতে হয়।
২১ বছর বয়সী মিগুয়েল দিয়েগো স্যান্ডোভাল ২০২৪ সালের ওই হত্যাকাণ্ডে স্থানীয় সময় শুক্রবার (১৩ আগস্ট) আদালতে দোষ স্বীকার করেন বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়। দোষ স্বীকারের পর তার যাবজ্জীবন কারাদণ্ড হতে যাচ্ছে।
প্রসিকিউটরদের বরাতে জানা যায়, সম্পর্ক ভেঙে যাওয়ার পর ক্ষুব্ধ হয়ে ২০২৪ সালের ১৬ নভেম্বর ল্যানকাস্টারের একটি বাড়িতে যান স্যান্ডোভাল। সেখানে তার সাবেক সঙ্গী ডিলন মাকুইনদাং থাকতেন। তবে হামলার সময় ডিলন বাড়িতে ছিলেন না।
রাত প্রায় ১টা ২৭ মিনিটে সবাই ঘুমিয়ে পড়ার পর স্যান্ডোভাল বাড়িতে ঢোকেন। এরপর ঘুমন্ত অবস্থায় ডিলনের ভাইবোন জানভি মাকুইনদাং ও ক্রিস্টিন আকা-আককে গুলি করেন তিনি। পরে তাদের সঙ্গী এডউইন গার্সিয়া ও ম্যাথিউ মন্টেবেলোকেও গুলি করে হত্যা করা হয়।
হামলার সময় ডিলনের ১৬ বছর বয়সী বোন বাড়ির ভেতরেই ছিলেন। তিনি একটি তালাবদ্ধ দরজার আড়ালে লুকিয়ে থেকে কর্তৃপক্ষকে ফোন করে সাহায্য চান। আগুন লাগার পর জানভিও বাড়ি থেকে বের হতে সক্ষম হন। তবে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
প্রসিকিউটররা বলছেন, হত্যার আলামত মুছে ফেলতে স্যান্ডোভাল বাড়িটিতে আগুন ধরিয়ে দেন। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও কয়েক ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় স্যান্ডোভাল চারটি প্রথম-ডিগ্রি হত্যা, একটি হত্যাচেষ্টার অভিযোগ, তিনটি প্রাণীর ওপর নিষ্ঠুরতার অভিযোগ, বসতবাড়িতে অগ্নিসংযোগ, প্রথম-ডিগ্রি আবাসিক চুরি এবং গুরুতর শারীরিক ক্ষতি বা মৃত্যুর ঝুঁকি তৈরি করে শিশু নির্যাতনের দুটি অভিযোগে দোষ স্বীকার করেছেন।
এ ছাড়া একাধিক হত্যা এবং হত্যার আগে ওত পেতে থাকার বিশেষ অভিযোগও স্বীকার করেছেন তিনি।
আদালতে স্যান্ডোভালের উদ্দেশে ডিলন বলেন, এই হত্যাকাণ্ড তার জীবন বদলে দিয়েছে, তবে তার বেঁচে থাকা, ভালোবাসা ও নতুন করে সুখ খোঁজার ক্ষমতা কেড়ে নিতে পারেনি। পরিবারের সদস্যদের কীভাবে মারা গেছেন, তার বদলে তারা কেমন মানুষ ছিলেন, সেভাবেই স্মরণ করার আহ্বান জানান তিনি।
বেঁচে যাওয়া ১৬ বছর বয়সী কিশোরীও আদালতে স্যান্ডোভালকে কাপুরুষ বলে আখ্যা দেন এবং নিজের আবেগ সামলাতে না পেরে এমন পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানোর জন্য তার সমালোচনা করেন।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির জেলা অ্যাটর্নি নাথান হকমান বলেন, বিচ্ছেদের পর প্রত্যাখ্যাত হয়ে স্যান্ডোভাল নিরপরাধ চারজনকে হত্যা করেন। তার ভাষায়, এটি ছিল একটি পরিকল্পিত সহিংসতা, যার কারণে নিহতদের পরিবারে এমন শূন্যতা তৈরি হয়েছে, যা কখনো পূরণ হওয়ার নয়।
আগামী ১৭ নভেম্বরের শুনানিতে স্যান্ডোভালের সাজা ঘোষণা হওয়ার কথা। তাকে প্যারোলের সুযোগ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। সূত্র: লস অ্যাঞ্জেলস টাইমস