নিষেধাজ্ঞার আগেই ইরান পুরোপুরি ধসে পড়ছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নিষেধাজ্ঞা ঘোষণার আগেই ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’। তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণার কয়েক ঘণ্টা আগে সোমবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এ মন্তব্য করেন তিনি।

ট্রুথ সোশ্যালে দেওয়া সংক্ষিপ্ত এক বার্তায় ট্রাম্প লেখেন, ইরান পুরোপুরি ধসে পড়ছে। এর বাইরে নিজের দাবির পক্ষে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি তিনি।

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরানের ওপর নতুন করে ব্যাপক অর্থনৈতিক চাপ তৈরির প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নতুন নিষেধাজ্ঞাকে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন আর্থিক অভিযান হিসেবে বর্ণনা করেছেন।

নতুন ব্যবস্থায় ইরানের সঙ্গে ব্যবসা করা তৃতীয় দেশের প্রতিষ্ঠান ও দেশগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর লক্ষ্য তেহরানের অবশিষ্ট অর্থনৈতিক যোগাযোগগুলো আরও সংকুচিত করা।

এর মধ্যেই ইরানের মুদ্রা রিয়াল সোমবার (২৪ আগস্ট) ডলারের বিপরীতে রেকর্ড নিম্নস্তরে নেমেছে। অর্থনৈতিক চাপের পাশাপাশি হরমুজ প্রণালিতে চলাচল নিয়ে দীর্ঘস্থায়ী সংকটও তেহরানের ওপর চাপ বাড়িয়েছে।

তবে ইরান নতুন মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তেহরানের কর্মকর্তারা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, যেসব দেশ ওয়াশিংটনের নতুন অর্থনৈতিক পদক্ষেপে সহযোগিতা করবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।

ফলে ট্রাম্পের ‘ইরান ধসে পড়ছে’ মন্তব্যের পর এখন নজর মার্কিন নিষেধাজ্ঞার বিস্তারিত ঘোষণার দিকে। একই সঙ্গে প্রশ্ন উঠছে, নতুন অর্থনৈতিক চাপ তেহরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনবে, নাকি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতকে আরও জটিল করে তুলবে। সূত্র: ডন