ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১১

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। বুধবার ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, খুজেস্তান প্রদেশের তিনটি স্থানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত এবং আটজন আহত হন। প্রাদেশিক নিরাপত্তা ও আইন প্রয়োগবিষয়ক উপ-গভর্নরের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় চারজন নিহত হওয়ার দাবি করেছিল ইরানি রেড ক্রিসেন্ট। নিহতদের মধ্যে একটি শিশুও ছিল বলে জানানো হয়। ওই হামলায় ৫০ জনের বেশি আহত হয়েছেন বলেও দাবি করা হয়।

দুটি ঘটনার হতাহতের সংখ্যা যোগ করে ইরানি কর্তৃপক্ষের হিসাবে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসব বেসামরিক হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলা শুরু হওয়ার মধ্যেই খুজেস্তানে এই হতাহতের খবর এলো। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক সামরিক সক্ষমতা, মাইন পাতা-সংক্রান্ত স্থাপনা ও যোগাযোগকেন্দ্রসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। ফলে কয়েক সপ্তাহের তুলনামূলক বিরতির পর যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আবারও তীব্র হয়ে উঠেছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, বেসামরিক হতাহতের সংখ্যা বাড়তে থাকলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়বে এবং সংঘাত ইরানের বাইরেও বিস্তৃত হতে পারে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি ও হরমুজ প্রণালিকে ঘিরে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

সূত্র: এনটিভি