বিয়ের অনুষ্ঠানে হামলার অভিযোগ অস্বীকার করলো যুক্তরাষ্ট্র

ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক এলাকায় বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় বেসামরিক নিহত হওয়ার অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। ইরানি গণমাধ্যমে ওই হামলায় অন্তত চারজন নিহত হওয়ার খবর প্রকাশের পর বুধবার (২ সেপ্টেম্বর) এ অবস্থান জানায় মার্কিন সামরিক বাহিনী।

রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে সেন্টকম বলেছে, বেসামরিক মানুষকে কখনোই লক্ষ্যবস্তু করে না মার্কিন সামরিক বাহিনী। একই সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কর্মকাণ্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তুলনা করে তারা দাবি করেছে, বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালানো তাদের নীতি নয়।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সিরিকের কুহেস্তাক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার অভিযোগ তুলে ঘটনাটিকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যায়িত করেন। ইরানের রেড ক্রিসেন্টও হামলার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত দাবি করেছে।

ইরানের দাবি অনুযায়ী, হামলায় চারজন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন। হামলার সময় সেখানে পরিবার ও বেসামরিক মানুষ উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলায় বেসামরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ সরাসরি নাকচ করা হলেও, সিরিকে বিয়ের অনুষ্ঠানে হতাহতের ঘটনায় সেন্টকমের বক্তব্যে হামলার সুনির্দিষ্ট লক্ষ্য বা সেখানে কী ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। সূত্র: ডন