হরমুজ প্রণালীর নাম পরিবর্তন করে নিজের নামে ‘ট্রাম্প প্রণালী’ করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন দেশটির সিনেটর বার্নি স্যান্ডার্স।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্যান্ডার্স বলেন, মার্কিন জনগণ হরমুজ প্রণালীর নাম ট্রাম্পের নামে পরিবর্তন চায় না। বরং তারা ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করার দাবি জানাচ্ছে।
ট্রাম্পকে উদ্দেশ করে স্যান্ডার্স বলেন, “না, মি. ট্রাম্প। মার্কিন জনগণ চায় না আপনি হরমুজ প্রণালীর নাম নিজের নামে পরিবর্তন করুন। তারা চায় আপনি ইরানের সঙ্গে আপনার অবৈধ যুদ্ধ বন্ধ করুন।”
এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে বলেও মন্তব্য করেন স্যান্ডার্স। তার দাবি, বর্তমানে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম গ্যালনপ্রতি ৫ দশমিক ৬৯ ডলার এবং পেট্রলের দাম ৪ দশমিক ১২ ডলারে উঠেছে। সাম্প্রতিক তথ্যেও যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের জাতীয় গড় দাম ৪ ডলারের ওপরে থাকার বিষয়টি উঠে এসেছে।
ট্রাম্পের সমালোচনা করে স্যান্ডার্স আরও বলেন, “আপনি প্রেসিডেন্ট, কোনো পাগল রাজা নন। সেভাবেই আচরণ করুন।”
এর আগে ট্রাম্প হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেন এবং জলপথটির নাম নিজের নামে পরিবর্তনের সম্ভাবনার কথা তোলেন। গত ২ সেপ্টেম্বর ট্রাম্প ‘ট্রাম্প প্রণালী’ নামটি ব্যবহারের প্রস্তাব দেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সংঘাত নতুন করে তীব্র হওয়ার পর হরমুজ প্রণালী আবারও আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রে উঠে এসেছে। সাম্প্রতিক দিনগুলোতে জলপথটিতে জাহাজ চলাচল কমে গেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার মাত্র চারটি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করেছে, যেখানে আগের ১০ দিনের গড় ছিল প্রায় ১৩টি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী দিয়ে সংঘাতের আগে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হতো। ফলে এই জলপথে সামরিক উত্তেজনা ও জাহাজ চলাচলে বিঘ্ন ঘটলে বিশ্ববাজারে তেল ও জ্বালানির সরবরাহ নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়।
সূত্র: রয়টার্স