ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গভীর সংকটে পড়েছে বলে দাবি করেছে ইরানের মেহর নিউজ এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, শীর্ষ পর্যায়ে নেতৃত্বের পরিবর্তন, কমান্ডারদের পদত্যাগ ও অস্ত্রের মজুত কমে যাওয়ায় মার্কিন সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসনে ২০ জনের বেশি জ্যেষ্ঠ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং কয়েক ডজন সামরিক কর্মকর্তার পদোন্নতি আটকে দেওয়া হয়েছে। এর মধ্যেই সেনা সচিব ড্যান ড্রিসকলের পদত্যাগ নেতৃত্ব কাঠামোর টানাপোড়েন আরও স্পষ্ট করেছে।
মেহর নিউজ বলছে, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রায় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার ব্যয়ের কথা জানিয়েছে। তবে ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের মজুত পুনর্গঠন, সরঞ্জাম মেরামত এবং দীর্ঘমেয়াদি সেনা মোতায়েনের প্রকৃত ব্যয় আরও বেশি হতে পারে।
বিশেষ করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন প্রতিরোধী অস্ত্রের মজুত কমে যাওয়ার খবর যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগ বাড়িয়েছে। কারণ মধ্যপ্রাচ্যের পাশাপাশি ইউরোপ ও এশিয়াতেও সম্ভাব্য সংকট মোকাবিলায় সামরিক সক্ষমতা ধরে রাখতে হচ্ছে ওয়াশিংটনকে।
তবে প্রতিবেদনে স্বীকার করা হয়েছে, এসব পরিস্থিতিকে এখনই মার্কিন সামরিক শক্তির পতন বা অক্ষমতা হিসেবে দেখার সুযোগ নেই। বরং ইরান যুদ্ধ দেখিয়ে দিয়েছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীরও সীমিত সম্পদ, অস্ত্রের মজুত ও জনবলের ওপর নির্ভর করতে হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি