ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা ও অন্যান্য অস্ত্রের বাড়তি চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলো নতুন নতুন কারখানা স্থাপন করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আয়ারল্যান্ডে মার্কিন দূতাবাসে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে আগের চেয়ে অনেক দ্রুত গতিতে সরঞ্জাম তৈরি করতে চাপ দেওয়া হচ্ছে। এরই মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান নতুন কারখানা ও উৎপাদনকেন্দ্র নির্মাণ করছে।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো অত্যন্ত ভালো মানের সামরিক সরঞ্জাম তৈরি করে। তবে বর্তমান পরিস্থিতিতে সেগুলো আরও দ্রুত উৎপাদন করতে হবে। বাড়তে থাকা চাহিদা পূরণেই উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত উৎপাদনে সক্ষম করে তুলতে চাপ দেওয়া হচ্ছে এবং এ লক্ষ্যে কিছু কোম্পানি ইতোমধ্যে নতুন কারখানা নির্মাণ শুরু করেছে। সূত্র: ডন