ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্র সফল: বেসেন্ট 

ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ওপর চাপ প্রয়োগে সাফল্য পাওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। দেশটির বিমান ও ব্যাংক খাতকে লক্ষ্য করে নতুন বিধিনিষেধ আরোপের পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের নেওয়া উদ্যোগের কথাও তুলে ধরেছেন তিনি।

বেসেন্ট বলেন, তার নির্দেশে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং দেশটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক কমিয়ে আনতে বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন প্রতিনিধি দল পাঠানো হয়েছিল। এসব প্রতিনিধি দল সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিয়েছে বলে জানান তিনি।

মার্কিন অর্থমন্ত্রী বলেন, ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার এই প্রচেষ্টা এখন ফল দিতে শুরু করেছে। বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার পর ইরানের বিমান চলাচল ও অর্থনৈতিক কার্যক্রমের ওপর নতুন বিধিনিষেধ আরোপের বিষয়টি সামনে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

বেসেন্টের ভাষ্য অনুযায়ী, তুরস্ক ও ওমান ইতোমধ্যে বেসরকারি বিমান সংস্থা মাহান এয়ারের ইরান থেকে আসা ফ্লাইট গ্রহণ বন্ধ করেছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ইরানি বিমান সংস্থাগুলোর সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে।

ইরানের বিমান ও ব্যাংক খাতের ওপর বিধিনিষেধ আরোপ এবং বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ সীমিত করার উদ্যোগকে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বৃহত্তর অর্থনৈতিক চাপ প্রয়োগের অংশ হিসেবে তুলে ধরেছেন বেসেন্ট। তিনি দাবি করেন, এসব পদক্ষেপ ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার ফলাফল তুলে ধরছে। সূত্র: ডন