লোহিত সাগরে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তের খবর অস্বীকার যুক্তরাষ্ট্রের

লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর একটি এমএইচ-৬০আর হেলিকপ্টার জরুরি সংকেত পাঠানোর পর বিধ্বস্ত হয়েছে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের এমন খবর প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। মঙ্গলবার (০৬ অক্টোবর) এক বিবৃতিতে ঘটনাটিকে মিথ্যা বলে দাবি করেছে মার্কিন সামরিক কমান্ড।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়, লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর কোনো হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর সত্য নয়। মধ্যপ্রাচ্যজুড়ে থাকা সব মার্কিন সামরিক বিমান ও সামরিক সদস্য নিরাপদে রয়েছেন এবং তাদের সবার অবস্থান সম্পর্কে কর্তৃপক্ষ অবগত রয়েছে বলেও জানানো হয়েছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমসহ দেশটির বিপ্লবী গার্ডের সঙ্গে সংশ্লিষ্ট ফারস সংবাদ সংস্থা দাবি করেছিল, মার্কিন নৌবাহিনীর একটি এমএইচ-৬০আর হেলিকপ্টার জরুরি সংকেত পাঠানোর পর লোহিত সাগরে বিধ্বস্ত হয়েছে।

ফ্লাইট পর্যবেক্ষণসংক্রান্ত তথ্যের বরাত দিয়ে এসব প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে সেন্টকম ওই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে এবং কোনো মার্কিন সামরিক বিমান বা সদস্য দুর্ঘটনার শিকার হয়নি বলে জানিয়েছে। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল