মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সেনাদের যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা বাড়াতে নতুন ড্রোন ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বুধবার (১৪ অক্টোবর) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে। এ পরীক্ষার মাধ্যমে মাঠপর্যায়ে সেনাদের কার্যক্রম আরও কার্যকর করতে নতুন প্রযুক্তি ও সামরিক কৌশলের সম্ভাব্য ব্যবহার যাচাই করা হচ্ছে।
সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের অধীনে থাকা টাস্ক ফোর্স ৯৯ নতুন ড্রোন ও যোগাযোগ সক্ষমতা নিয়ে এই পরীক্ষা চালাচ্ছে। মধ্যপ্রাচ্যে মোতায়েন করা সেনাদের জন্য এসব প্রযুক্তির কার্যকারিতা যাচাই করাই এই উদ্যোগের লক্ষ্য।
মার্কিন সেন্ট্রাল কমান্ড টাস্ক ফোর্স ৯৯-কে একটি অগ্রবর্তী পরীক্ষাগার হিসেবে বর্ণনা করেছে। এই ইউনিট মাঠপর্যায়ে সামরিক কার্যক্রমের কার্যকারিতা বাড়াতে বিভিন্ন ধারণা ও প্রযুক্তি পরীক্ষা করে থাকে। নতুন ড্রোন এবং যোগাযোগব্যবস্থার পরীক্ষাও সেই কার্যক্রমের অংশ।
তবে কোন ধরনের ড্রোন ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা করা হচ্ছে, কোথায় এসব পরীক্ষা চলছে কিংবা এর মাধ্যমে কী ধরনের সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সেন্টকম। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল