যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্য ইলহান ওমরের দিকে কুনজর পড়েছে ট্রাম্পের। তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ভুয়া নাম ব্যবহার করে কংগ্রেস সদস্য হিসেবে শপথ নিয়েছেন ওমর।
ট্রাম্প লেখেন, ‘শপথ নেওয়ার সময় তিনি যেহেতু ভুয়া নাম ব্যবহার করেছেন, তাই আমার ধারণা, তার অবিলম্বে কংগ্রেস থেকে পদত্যাগ করা উচিত।’
মিনেসোটা অঙ্গরাজ্যের এই কংগ্রেস সদস্যের প্রকৃত নাম ‘ইলহান নুর সাইদ এলমি’ বলে দাবি করেন ট্রাম্প। নামটির শেষাংশ ওমরের সাবেক স্বামী আহমেদ নুর সাইদ এলমির নামের সঙ্গে মিলে যায়।
ট্রাম্প আরও দাবি করেন, ওমর প্রকাশ্যেই জালিয়াতির কথা স্বীকার করেছেন। এ কারণে প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনকে তার আসন শূন্য ঘোষণা করার আহ্বান জানান তিনি।
তবে ইলহান ওমর এমন কোনো স্বীকারোক্তি দেননি। একই সঙ্গে তিনি জাল পরিচয় ব্যবহার করেছেন—এমন কোনো সিদ্ধান্তও আদালত দেননি।