যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প র্যাপার নিকি মিনাজের শারীরিক গড়নের প্রশংসা করে বলেছেন, তার নিতম্ব এতটাই আকর্ষণীয় যে তা সহজে চোখ এড়ায় না। রোববার (২৫ অক্টোবর) মিশিগানের পোর্ট হুরনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে মিনাজকে সামনে রেখে এমন মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের সমর্থন আদায়ে আয়োজিত প্রায় দুই ঘণ্টার ওই সমাবেশে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন ৪৩ বছর বয়সী মিনাজ। এদিন এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের সঙ্গে মিশিগানে যান তিনি। সমাবেশে তারা সাবেক কংগ্রেস সদস্য ও রিপাবলিকান সিনেট প্রার্থী মাইক রজার্স এবং গভর্নর পদপ্রার্থী জন জেমসের পক্ষে প্রচার চালান।
সমাবেশে ট্রাম্প বলেন, এর আগে তিনি সিনেটর জন হুস্টেডের নিতম্ব নিয়ে করা নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে দাবি করেছিলেন, ফুটবলের সঙ্গে হুস্টেডের সম্পৃক্ততার বিষয়টি বাদ দিয়ে সংবাদমাধ্যম তার কথার ভুল ব্যাখ্যা করেছে। এরপর মিনাজকে উদ্দেশ করে তিনি বলেন, কোনো পুরুষের ক্ষেত্রে এমন মন্তব্য আগে করেননি তিনি। নারীদের ক্ষেত্রে করেছেন। পরে মিনাজের দিকে ইঙ্গিত করে বলেন, আগে তিনি দারুণ সুন্দর একটি নিতম্ব দেখেছেন।
মিনাজের শারীরিক গড়ন নিয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, এটি চোখ এড়ানোর মতো নয়। এরপর তাকে উঠে দাঁড়াতে বলেন। মিনাজ দাঁড়িয়ে দর্শকদের দিকে হাত নাড়লে ট্রাম্প বলেন, আশা করেন মিনাজ তার কথায় অপমানিত হননি। একই সঙ্গে তিনি মিনাজের প্রতি ভালোবাসার কথা জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরেই তিনি তাদের সঙ্গে রয়েছেন।
সমাবেশের পরের অংশে মিনাজ রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রায় দুই মিনিটের বক্তব্য দেন। পরে ট্রাম্প তার প্রশংসা করে বলেন, মিনাজকে এর আগে কখনো এত সুন্দর দেখায়নি। তাকে বিশেষ একজন মানুষ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি বিষয়গুলো বোঝেন এবং বুদ্ধিমতী।
ট্রাম্পের মন্তব্যের তিন মাস আগেও মিনাজকে ঘিরে একই ধরনের রসিকতা করেছিলেন তিনি। হোয়াইট হাউস সংবাদদাতা সমিতির নৈশভোজের স্থগিত হওয়া আয়োজন নিয়ে কথা বলতে গিয়ে মিনাজের নাচের প্রসঙ্গ তোলেন ট্রাম্প। এর আগে প্রথম মেয়াদে ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা করলেও সাম্প্রতিক সময়ে মিনাজকে তার ঘনিষ্ঠ সমর্থক হিসেবে দেখা যাচ্ছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তিনি রিপাবলিকান পার্টির বিভিন্ন আয়োজনে অংশ নিয়েছেন।
সমাবেশে ট্রাম্প মিনাজকে র্যাপসংগীতের রানি হিসেবে পরিচয় করিয়ে দেন। পরে মঞ্চে উঠে মিনাজ উপস্থিত জনতাকে নিয়ে ‘আমরা ট্রাম্পকে ভালোবাসি’ স্লোগান দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ এবং চলমান রাজনৈতিক আন্দোলনে মিশিগানের মানুষকে নেতৃত্বের ভূমিকা নিতে হবে।
বক্তব্যে মিনাজ রূপান্তরকামী শিশুদের লিঙ্গ-স্বীকৃতিমূলক চিকিৎসার বিরোধিতা করেন। শিশুদের এমন চিকিৎসা ও সংশ্লিষ্ট বিষয় থেকে দূরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা চান শিশুরা এমন পরিবেশে বড় হোক, যা নিয়ে গর্ব করা যায়। বক্তব্যের শেষে ট্রাম্পের পাশে দাঁড়ানোকে সম্মানের বলে উল্লেখ করে মিনাজ জানান, ভবিষ্যতেও তিনি ট্রাম্পকে সমর্থন করবেন। এমনকি ট্রাম্প আবার নির্বাচনে দাঁড়ালেও তাকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন এই র্যাপার। সূত্র: ইউএসএ টুডে