ইরান যুদ্ধ পরিচালনায় আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপিত হয়েছে। এ প্রস্তাব নিয়ে প্রতিনিধি পরিষদে ভোটের প্রস্তুতির মধ্যে হেগসেথের প্রতি সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
প্রতিবেদক ম্যাথিউ টরেসের ভাষ্য অনুযায়ী, অভিশংসন প্রস্তাব উত্থাপনের বিষয়টি আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন হেগসেথ। গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিশংসনের উদ্যোগকে ‘রাজনৈতিক নাটক’ বলে আখ্যা দেন। একই সঙ্গে জানান, তিনি প্রতিরক্ষামন্ত্রীর পদ ছাড়ছেন না।
অভিশংসন প্রস্তাবটি প্রতিনিধি পরিষদের অধিবেশনে উত্থাপন করেছেন কেনটাকির বিদায়ী রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি। দলীয় প্রাইমারিতে পরাজিত হওয়ায় ম্যাসিকে ‘অসন্তুষ্ট কংগ্রেসম্যান’ বলে মন্তব্য করেছিলেন হেগসেথ।
ম্যাসির অভিযোগ, ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে হেগসেথ জেনেশুনে বেআইনি নির্দেশ কার্যকর করেছেন। অভিশংসন প্রস্তাবের একটি ধারায় কংগ্রেসের অনুমোদন ছাড়াই সামরিক অভিযান পরিচালনার অভিযোগও আনা হয়েছে।
এদিকে হেগসেথের বিরুদ্ধে অভিশংসন উদ্যোগকে ‘অন্যায্য’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি হেগসেথকে একজন ভালো প্রতিরক্ষামন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পও তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন।
অভিশংসন প্রস্তাবের ভোটে কী সিদ্ধান্ত আসে, তা এখন দেখার বিষয়। প্রস্তাবের মূল বিতর্কের কেন্দ্রে রয়েছে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় প্রেসিডেন্টের ক্ষমতা, কংগ্রেসের অনুমোদনের প্রয়োজনীয়তা এবং প্রতিরক্ষামন্ত্রীর ভূমিকা।