ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র কি পিছু হটছে?

ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি থেকে একের পর এক উড়োজাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ ইংল্যান্ডের সাফোক অঞ্চলের আরএএফ মিলডেনহল ঘাঁটি থেকে অন্তত ১২টি মার্কিন সামরিক উড়োজাহাজ সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নয়টি কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার জ্বালানি সরবরাহকারী বিমান এবং তিনটি অসপ্রে সামরিক পরিবহন উড়োজাহাজ।

১০ নভেম্বর প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উড়োজাহাজগুলোর কয়েকটি জার্মানি ও স্পেনে পাঠানো হয়েছে। তিনটি অসপ্রে সরানো হয়েছে যুক্তরাজ্যেরই আরেকটি ঘাঁটি আরএএফ লাকেনহিথে। উড়োজাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী তথ্যের ভিত্তিতে এ স্থানান্তরের খবর প্রকাশিত হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হুমকির পরিপ্রেক্ষিতে উড়োজাহাজগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তবে হুমকির সুনির্দিষ্ট ধরন বা উৎস সম্পর্কে মার্কিন কর্মকর্তারা বিস্তারিত জানাননি।

প্রতিবেদন অনুযায়ী, মিলডেনহল ও লাকেনহিথ—দুটি ঘাঁটির নিরাপত্তাব্যবস্থা দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা স্তর ‘ফোর্স প্রোটেকশন কন্ডিশন চার্লি’ বা এফপিসিওএন চার্লিতে উন্নীত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থায় গোয়েন্দা তথ্যে সন্ত্রাসী হামলার আশঙ্কা দেখা দিলে এ ধরনের সতর্কতা জারি করা হয়।

মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, বিভিন্ন প্রশিক্ষণ ও বাস্তব সামরিক প্রয়োজনের কারণে উড়োজাহাজ এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে স্থানান্তর করা হয়ে থাকে। তবে অপারেশনাল নিরাপত্তার স্বার্থে এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে তারা।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বলেছে, অন্য দেশের সামরিক তৎপরতা নিয়ে তারা নিয়মিত মন্তব্য করে না। তবে দেশটির সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে।

যুক্তরাজ্য থেকে মার্কিন সামরিক উড়োজাহাজ সরিয়ে নেওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে সেপ্টেম্বরের শেষ দিকে ইংল্যান্ডের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান সরিয়ে নেয় ওয়াশিংটন। ওই ঘাঁটির কাছে সন্দেহজনক নিরাপত্তা ঘটনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এবং দুজনের বিরুদ্ধে ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে মামলা হয়।

অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, হুমকির আশঙ্কায় ফেয়ারফোর্ড থেকে বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছে। তবে ইরানের বিরুদ্ধে ওঠা সংশ্লিষ্ট অভিযোগ অস্বীকার করেছে তেহরান।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আগেই বলেছিল, ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহৃত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো তাদের বৈধ লক্ষ্যবস্তু হতে পারে। এ বক্তব্যের পর ইউরোপে মার্কিন সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরিয়ে নেওয়া এবং নিরাপত্তা সতর্কতা বাড়ানোর ঘটনা ইঙ্গিত দিচ্ছে, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরে নিরাপত্তা হিসাবেও পড়ছে। তবে এখন পর্যন্ত যুক্তরাজ্যের কোনো মার্কিন ঘাঁটিতে ইরানের সরাসরি সামরিক হামলার প্রমাণ পাওয়া যায়নি। উড়োজাহাজ স্থানান্তরও ইউরোপে নতুন যুদ্ধ শুরু হওয়ার প্রমাণ নয়।

বরং এ ঘটনাকে সম্ভাব্য হামলার ঝুঁকি কমাতে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে যুক্তরাজ্যের ঘাঁটিগুলোকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ এবং ইরানের সঙ্গে সংঘাতের বিস্তৃত প্রভাব নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য—দুই পক্ষই নিরাপত্তার বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে। তবে হুমকির প্রকৃতি, এর পেছনে কারা রয়েছে এবং ভবিষ্যতে ইউরোপের অন্য মার্কিন ঘাঁটিতেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।