এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের ঘটনাটি যুক্তরাষ্ট্রে চীনের গুপ্তচরবৃত্তির চেষ্টাকে নতুন করে সামনে এনেছে। মার্কিন গোয়েন্দাদের সন্দেহ- অ্যালিস হুয়াং নামে এক চীনা নাগরিক জেনসেনের ওপর নজরদারি ও তথ্য সংগ্রহ করে বেইজিংয়ে পাচার করেছেন। বিষয়টি এখনো সন্দেহের পর্যায়ে আছে, প্রমাণিত নয়।
তবে দেশ দুটির একে অপরের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির দীর্ঘ ইতিহাস আছে। আলোচিত এমন চারটি ঘটনা তুলে ধরা হলো। এসব ঘটনা নিয়ে বিভিন্ন সময় প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন গণমাধ্যম সিএনএন।
ওয়াশিংটনে দৃষ্টিনন্দন বাগান
২০১৭ সালে চীন সরকার ওয়াশিংটন ডিসিতে একটি দৃষ্টিনন্দন বাগান তৈরির আগ্রহ প্রকাশ করে। এর জন্য তারা ১০ কোটি ডলার ব্যয়ের প্রস্তাব দেয়। বাগানের নকশায় ছিল মন্দির, প্যাভিলিয়ন ও ৭০ ফুট উঁচু সাদা প্যাগোডা। এই প্রকল্প নিয়ে মার্কিন কর্মকর্তারা তখন বেশ উচ্ছ্বসিত ছিলেন। তাদের ধারণা ছিল, বাগানটি প্রতিবছর কয়েক হাজার পর্যটক আকর্ষণ করবে।
কিন্তু কাউন্টার ইন্টেলিজেন্স কর্মকর্তারা প্রকল্পটির বিস্তারিত খতিয়ে দেখতে শুরু করলে সন্দেহজনক বিষয় সামনে আসে। এ সম্পর্কে অবগত সূত্ররা তখন সিএনএনকে বলেছিল, প্যাগোডাটি ওয়াশিংটনের অন্যতম উঁচু স্থানে নির্মাণের পরিকল্পনা ছিল। যা কংগ্রেস ভবন ক্যাপিটল থেকে মাত্র দুই মাইল দূরে। গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য জায়গাটি বেশ সুবিধাজনক অবস্থানে ছিল।
প্যাগোডা নির্মাণের সরঞ্জাম কূটনৈতিক ব্যাগে করে পাঠাতে চেয়েছিল চীন। কাস্টমস কর্মকর্তাদের এসব ব্যাগ তল্লাশি করার অধিকার নেই। বিষয়গুলো সন্দেহজনক হওয়ায় নির্মাণকাজ শুরুর আগেই প্রকল্পটি বাতিল করে দেয় যুক্তরাষ্ট্রের সরকার।
সূত্রগুলো তখন সিএনএনকে বলেছিল, ২০১৭ সালের আগের এক দশকে যুক্তরাষ্ট্রের মাটিতে চীনের গুপ্তচরবৃত্তি নাটকীয়ভাবে বেড়ে যায়। এ কারণে ফেডারেল কর্মকর্তারা গুরুত্বপূর্ণ অবকাঠামোর কাছে চীনের কেউ জমি কিনছেন কি না তা নিয়েও তদন্ত শুরু করেন। সন্দেহ ছিল, এসব জমিতে চীনা গুপ্তচরদের আস্তানা ও আড়িপাতার যন্ত্র বসানো হতো। সন্দেহবশত একটি আঞ্চলিক কনস্যুলেটও বন্ধ করে দিয়েছিল সরকার।
সিএনএনকে সূত্রগুলো আরও বলেছিল, বাগান নির্মাণের পরিকল্পনাটিও এসব গুপ্তচরবৃত্তির চেষ্টার অংশ ছিল।
মোবাইল ফোনের টাওয়ার
যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের কেন্দ্রীয় অঞ্চলে মালমস্ট্রম বিমানঘাঁটির বাইরে ১৩ হাজার ৮০০ বর্গমাইলজুড়ে উন্মুক্ত প্রান্তর। সেখানে মাটির গভীরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে ১০০টির বেশি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত থাকে। এসব রকেট অন্তত ৬ হাজার মাইল দূরে পারমাণবিক ওয়ারহেড নিক্ষেপ করতে সক্ষম।
২০১৯ সালে মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশনে একটি নথি জমা হয়। এতে বলা হয়েছিল, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রের আশপাশে ছোট ওয়্যারলেস সেবাদাতা প্রতিষ্ঠানের বেশ কয়েকটি টাওয়ার আছে। এসব টাওয়ারে চীনা প্রযুক্তি ব্যবহার করা হয়। নিরাপত্তা বিশেষজ্ঞরা তখন সতর্ক করে বলেছিলেন, এই প্রযুক্তির মাধ্যমে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রের বিষয়ে চীন গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারে।
টাওয়ারে প্রযুক্তি সরবরাহ করার ক্ষেত্রে একটি বড় চীনা প্রতিষ্ঠান হলো হুয়াওয়ে। জাতীয় নিরাপত্তার উদ্বেগে যুক্তরাষ্ট্রের বৃহৎ ওয়্যারলেস সেবাদাতা প্রতিষ্ঠানে তাদের প্রযুক্তি ব্যবহার নিষিদ্ধ ছিল। কিন্তু ছোট ওয়্যারলেস সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহার করতো।
হুয়াওয়ের মাধ্যমে চীনের তথ্য সংগ্রহের বিষয়ে আগের বছরও (২০১৮) সতর্ক করেছিল এফবিআই ও সিআইএ।
শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিজ্ঞানী
২০২৩ সালের জানুয়ারিতে শিকাগোতে সাবেক এক চীনা শিক্ষার্থীকে গুপ্তচরবৃত্তির দায়ে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে মার্কিন প্রকৌশলী ও বিজ্ঞানীদের বিষয়ে তথ্য সংগ্রহের অভিযোগ ছিল। জি চাওকুন নামের ওই শিক্ষার্থী ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজিতে তড়িৎ প্রকৌশল নিয়ে পড়াশোনার জন্য ২০১৩ সালে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। ২০১৮ সালে তিনি গ্রেপ্তার হন।
মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, জির দায়িত্ব ছিল কয়েকজন ব্যক্তির জীবনীসংক্রান্ত তথ্য সংগ্রহ করে তা একজন চীনা গোয়েন্দা কর্মকর্তাকে দেওয়া। ওই ব্যক্তিদের পরে গুপ্তচর হিসেবে ব্যবহারের পরিকল্পনা ছিল। এসব ব্যক্তিদের মধ্যে যুক্তরাষ্ট্রে কর্মরত চীনা প্রকৌশলী ও বিজ্ঞানীরাও ছিলেন। তাদের কেউ কেউ মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানে কাজ করতেন।
গুপ্তচর বেলুন
২০২৩ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যের আকাশে সন্দেহজনক বেলুন উড়তে দেখা যায়। যা নিয়ে তখন রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের নেতারা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। তাদের সন্দেহ ছিল, এগুলো চীনের গুপ্তচর বেলুন।
কিন্তু তথ্য সংগ্রহের জন্য চীনা গুপ্তচররা স্যাটেলাইটের বদলে কেন বেলুন ব্যবহার করতে যাবেন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সিএনএনকে এই প্রশ্নের ব্যাখ্যা দিয়েছিলেন অস্ট্রেলিয়ার গ্রিফিথ এশিয়া ইনস্টিটিউটের ফেলো ও রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সের সাবেক কর্মকর্তা পিটার লেটন।
লেটন বলেছিলেন, স্নায়ুযুদ্ধের শুরুর দিক থেকেই গুপ্তচরবৃত্তির কাজে বেলুন ব্যবহারের ইতিহাস আছে। যুক্তরাষ্ট্রও স্নায়ুযুদ্ধের পর প্রতিপক্ষের ওপর নজরদারি করতে বিভিন্ন সময় শত শত বেলুন ব্যবহার করেছে।
স্যাটেলাইট প্রযুক্তির বিকাশের ফলে বেশ কয়েক বছর ধরে নজরদারির কাজে বেলুনের ব্যবহার কমে গিয়েছিল। কিন্তু ইলেকট্রনিক যন্ত্রপাতির আকার ও ওজন কমে আসার পর বেলুনের ব্যবহার আবার বাড়ে।
পিটার লেটনের মতে, বেলুনে করে যেসব যন্ত্রপাতি আকাশে ওড়ানো হয়, সেগুলোর ওজন কমানো সম্ভব। ফলে স্যাটেলাইটের তুলনায় কম খরচে নজরদারির চেষ্টা সহজ হয়েছে।