কুকুরের খাঁচায় ভরে শিশুকে মাটিচাপা দিলেন বাবা, ২৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ১১ মাস বয়সী এক শিশুকে কুকুরের খাঁচায় ভরে মাটির নিচে পুঁতে রাখার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর মঙ্গলবার (১০ নভেম্বর) শিশুটিকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা মাইকেল কোমারকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শিশুটিকে প্রথমে একটি কুকুরের খাঁচার ভেতরে রাখা হয়। পরে খাঁচাটি তোয়ালে দিয়ে মুড়িয়ে বাড়ির কাছের একটি জঙ্গলে নিয়ে মাটির নিচে পুঁতে রাখা হয়।

এক সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা জে কুন জানান, শিশুটির মা একটি কাজে বাড়ির বাইরে যাওয়ার সময় তাকে বাবার কাছে রেখে যান। এরপর সোমবার থেকে শিশুটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ৪৫ মিটার দূরে জঙ্গলের মধ্যে মাটি খোঁড়ার চিহ্ন দেখতে পান পুলিশ সদস্যরা। সন্দেহজনক স্থানটিতে খনন শুরু করতেই শিশুর কান্নার শব্দ শুনতে পান তারা। দ্রুত মাটি সরিয়ে খাঁচার ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা জে কুন জানান, উদ্ধারের পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি। উদ্ধার অভিযানে অংশ নেওয়া ব্যক্তিদের প্রতিও কৃতজ্ঞতা জানান এই কর্মকর্তা।

তিনি বলেন, শিশুটির বেঁচে যাওয়ার ঘটনা উদ্‌যাপন করার মতো।

এদিকে, শিশুটির বাবা মাইকেল কোমারকে সোমবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হবে, তা নির্ধারণে সরকারি কৌঁসুলিদের সঙ্গে কাজ করছে পুলিশ।