মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরি ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’। অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা যুক্তরাষ্ট্রের প্রথম হামলার অপেক্ষায় বসে থাকবে না।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। রণতরিটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় আগে থেকেই অবস্থান করা যুক্তরাষ্ট্রের অন্য দুটি বিমানবাহী রণতরির সঙ্গে যুক্ত হয়েছে।
এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্র আগে হামলা চালাবে, সে অপেক্ষায় থাকবে না তেহরান।
তার দাবি, কূটনীতির আড়ালে সময় ক্ষেপণ করে আরেকটি হামলার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন।
অন্যদিকে বাহরাইনে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটিতে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে। ইরান ও হুতিদের পক্ষ থেকে হামলার ঝুঁকি রয়েছে বলে নাগরিকদের সতর্ক করা হয়েছে।
এর আগে বাহরাইন সরকার জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি হামলা প্রতিহত করেছে। ঘটনাটিকে তেহরানের ‘ধারাবাহিক আগ্রাসনের’ অংশ বলে আখ্যা দিয়েছে বাহরাইন।
এদিকে ইরানের নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে দুটি ট্যাংকার সমুদ্রে পুঁতে রাখা মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে গেছে। সাম্প্রতিক দিনগুলোতে এ নিয়ে সপ্তমবারের মতো এমন ঘটনা ঘটল বলে জানিয়েছে আল জাজিরা।