যুক্তরাষ্ট্রে বেবি শাওয়ার অনুষ্ঠানে গুলি, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের পারমা শহরে একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ সদস্যসহ আরও একজন।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানা গেছে, শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় শহরের প্যান্ডোরা’স ম্যাজিকাল ইভেন্টস নামের একটি অনুষ্ঠানের ভেন্যুতে এ ঘটনা ঘটে।

পারমা পুলিশের মুখপাত্র স্কট ট্র্যাক্সলার স্থানীয় গণমাধ্যমকে জানান, সেখানে বেবি শাওয়ার অনুষ্ঠান চলাকালে হঠাৎ গোলাগুলি শুরু হয়। এতে ঘটনাস্থলেই এক কিশোরী ও দুই প্রাপ্তবয়স্ক পুরুষের মৃত্যু হয়। এ ছাড়া গুলিতে আরও একজনের পায়ে আঘাত লাগে।

পুলিশের এই মুখপাত্র জানান, ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে শনাক্ত করে আটক করা হয়েছে। তবে কী কারণে গোলাগুলির ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।