লন্ডনে ৪ ইরানি গুপ্তচর গ্রেপ্তার

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ইহুদি সম্প্রদায়ের ওপর গোয়েন্দাগিরি এবং ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। এছাড়া মূল অভিযুক্তদের সহায়তা করার সন্দেহে আরও ৬ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) লন্ডনের সন্ত্রাসবিরোধী পুলিশিং বিভাগের প্রধান কমান্ডার হেলেন ফ্লানাগান এক বিবৃতিতে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত চারজনের মধ্যে একজন ইরানি নাগরিক এবং বাকি তিনজন দ্বৈত ব্রিটিশ-ইরানি নাগরিক। তাদের বয়স যথাক্রমে ২২, ৪০, ৫২ এবং ৫৫ বছর। এদেরকে লন্ডনের বার্নেট, ওয়াটফোর্ড এবং হ্যারো এলাকা থেকে আটক করা হয়েছে। ব্রিটেনের জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘন করে ইরানের বিদেশি গোয়েন্দা সংস্থাকে স্পর্শকাতর তথ্য সরবরাহ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

কমান্ডার হেলেন ফ্লানাগান জানান, দীর্ঘদিন ধরে নিবিড় তদন্ত চালানোর পর এই গোয়েন্দা চক্রটিকে ধরা সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘আমরা বুঝতে পারছি এই ঘটনায় সাধারণ মানুষ, বিশেষ করে ইহুদি সম্প্রদায় উদ্বিগ্ন হতে পারে। আমরা তাদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। সন্দেহজনক কিছু দেখলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ রইল।’

লন্ডন পুলিশ আরও জানিয়েছে, হ্যারো এলাকা থেকে গ্রেপ্তার হওয়া একজনকে সহযোগিতা করার দায়ে ২৯ থেকে ৪৯ বছর বয়সী আরও ৬ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ওয়াটফোর্ড, বার্নেট এবং ওয়েম্বলি এলাকার বেশ কিছু ঠিকানায় পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। সূত্র: সিএনএন, বিবিসি