ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত কর্মীদের পরিবারের সদস্য ও কিছু কর্মীকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। দেশটির রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটম এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা তাস জানায়, সংস্থাটির প্রধান নির্বাহী বলেছেন, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ও তৃতীয় ইউনিট নির্মাণকাজে যুক্ত কর্মীদের পরিবারের সদস্য এবং কিছু কর্মীকে শিগগিরই রাশিয়ায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে।
লিখাচেভ জানান, বর্তমানে ইরানের পরিস্থিতিতে তাদের প্রধান অগ্রাধিকার হলো ওই প্রকল্পে কর্মরত রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা। তার ভাষ্য অনুযায়ী, বুশেহর পারমাণবিক কেন্দ্রের দ্বিতীয় ও তৃতীয় ইউনিট নির্মাণকাজে ছয় শতাধিক রুশ কর্মী যুক্ত রয়েছেন।
নিরাপত্তাজনিত কারণে প্রকল্পস্থলে মূল নির্মাণকাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলেও জানান তিনি। তবে কিছু কর্মী এখনও সেখানে থেকে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ এবং এমন কিছু কাজ সম্পন্ন করছেন, যা তাৎক্ষণিকভাবে বন্ধ করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, কর্মীসংখ্যা সমন্বয়ের দ্বিতীয় ধাপের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এর আওতায় পরিবারের সদস্য ও কিছু কর্মীকে দ্রুতই রাশিয়ায় সরিয়ে নেওয়া হবে।
প্রসঙ্গত, ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রকল্পে দীর্ঘদিন ধরে প্রযুক্তিগত সহযোগিতা দিয়ে আসছে রাশিয়া।
সূত্র: আল জাজিরা