জাপান সাগরের দিকে উত্তর কোরিয়া অন্তত ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়ার পরিকল্পনার মধ্যেই এই উৎক্ষেপণের ঘটনা ঘটল। খবর রয়টার্সের।
শুক্রবার (১৩ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি একটি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে বলে জানিয়েছে জাপানের কোস্টগার্ড এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী। উৎক্ষেপণের পর সেগুলো জাপান সাগরের দিকে গিয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
উত্তর কোরিয়ার জন্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা নতুন কিছু নয়। গত দুই দশক ধরে দেশটি নিয়মিতভাবে জাপান সাগর, পূর্ব চীন সাগর ও কোরিয়া প্রণালী এলাকায় বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে আসছে। বেপরোয়া ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে ২০০৬ সালেই দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ। তবে এসব নিষেধাজ্ঞা সত্ত্বেও পিয়ংইয়ং তার ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি অব্যাহত রেখেছে।
উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা মোকাবেলায় মিত্র দেশ দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা জোরদার করতে প্রায় এক দশক আগে সেখানে থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। তবে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে ওই ব্যবস্থা দক্ষিণ কোরিয়া থেকে মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা সিউলকে জানিয়েছে ওয়াশিংটন।
দক্ষিণ কোরিয়ার দৈনিক জুংআং সম্প্রতি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দেশটির প্রেসিডেন্ট লি জায়ে মিউং বলেছেন, থাড সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে সন্তুষ্ট নয় সিউল।
সূত্র: রয়টার্স