ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী লিওনেল জোস্পাঁ আর নেই

ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির সমাজতান্ত্রিক আন্দোলনের প্রভাবশালী নেতা লিওনেল জোস্পাঁ মারা গেছেন। রোববার (২২ মার্চ) ৮৮ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সোমবার (২৩ মার্চ) তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

লিওনেল জোস্পাঁ ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন ফ্রান্সের সমাজতান্ত্রিক দলের অন্যতম নীতি-নির্ধারক। তার শাসনামলে ফ্রান্সে বেশ কিছু গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক সংস্কার সাধিত হয়েছিল।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত জানুয়ারি মাসে তাঁর শরীরে একটি ‘গুরুতর অস্ত্রোপচার’ করা হয়েছিল। এরপর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তবে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। তাঁর মৃত্যুতে ফ্রান্সের বর্তমান রাজনৈতিক মহল গভীর শোক প্রকাশ করেছে।