ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতায় এবার স্পষ্ট অবস্থান নিয়েছে স্পেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রব্লেস জানিয়ে দিয়েছেন, এই যুদ্ধে কোনো ধরনের সহায়তা দিতে নিজেদের সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না মাদ্রিদ।
সোমবার (৩০ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্দালুসিয়ার মোরন ও রোটা ঘাঁটি কোনোভাবেই ইরানবিরোধী অভিযানে ব্যবহার করতে দেওয়া হবে না। শুরু থেকেই স্পেন এই অবস্থানে অটল রয়েছে এবং ভবিষ্যতেও তা বদলাবে না বলেও স্পষ্ট করেন তিনি।
রব্লেস এই যুদ্ধকে ‘গভীরভাবে অবৈধ ও অন্যায্য’ আখ্যা দিয়ে বলেন, স্পেন এমন কোনো সংঘাতে অংশ নেবে না, যেটিকে তারা বিশ্বাস করে না। তার এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, শুধু কৌশলগত নয়, নৈতিক অবস্থান থেকেও দূরত্ব বজায় রাখছে দেশটি।
ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ অভিযানের সমালোচনায় সরব স্পেন। একাধিকবার ওয়াশিংটনের ঘাঁটি ব্যবহারের অনুরোধ প্রত্যাখ্যান করেছে মাদ্রিদ এবং একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতিরও সমালোচনা করেছে।
স্পেনের এই অবস্থানকে ভালোভাবে নেয়নি ওয়াশিংটন। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প স্পেনের নেতৃত্বকে কটাক্ষ করেন এবং এমনকি ন্যাটো মিত্র এই দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার হুমকিও দেন। সূত্র: সিএনএন