ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন।
ইরানের রাষ্ট্র-সমর্থিত সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, লিখিত বিবৃতিতে খামেনি লিখেছেন, ‘হিজবুল্লাহর নেতারা মুসলিম বিশ্বের সবচেয়ে বড় শত্রুদের বিরুদ্ধে সততা, দৃঢ়তা এবং ধৈর্যের প্রতিনিধিত্ব করেছেন।’
বার্তায় খামেনি গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় তার বাবা আলি খামেনির ‘শাহাদাতে’ সহানুভূতি জানানোর জন্য কাসেমকে ধন্যবাদ জানান। তিনি হিজবুল্লাহ যোদ্ধাদের ভালোবাসা ও আনুগত্যকে স্মরণ করে বলেন, ‘এই অনুভূতিগুলো তাদের নিজেদের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, যা প্রতিরোধ আন্দোলনের প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন।’
খামেনি বলেন, ‘ইসলামি উম্মাহর সবচেয়ে ভয়ংকর শত্রুকে (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) মোকাবিলায় অবিচল থাকাটাই ছিল প্রয়াত নেতার একটি অন্যতম বৈশিষ্ট্য। হিজবুল্লাহ প্রধানকে উদ্দেশ্য করে খামেনি বলেন, ‘আপনি প্রতিরোধের ইতিহাসের এক সংকটময় সন্ধিক্ষণে হিজবুল্লাহকে নেতৃত্ব দিচ্ছেন।’
বার্তায় মোজতবা খামেনি জায়নবাদী শত্রুর চক্রান্ত ব্যর্থ ও চূর্ণ করতে এবং লেবাননের জনগণের গৌরব ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে কাসেমির প্রজ্ঞা, বুদ্ধিমত্তা ও সাহসের প্রতি আস্থা প্রকাশ করেন। ইরানের গণমাধ্যমে প্রকাশিত এই বার্তায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়।
গত ৮ মার্চ ইরানের বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত মোজতবা খামেনি, হিজবুল্লাহর নেতৃত্ব ও যোদ্ধাদের সংগ্রাম, বীরত্ব এবং আত্মত্যাগের প্রশংসাও করেন, যা এই গোষ্ঠীর সঙ্গে ইরানের দীর্ঘস্থায়ী মৈত্রীকে আরও শক্তিশালী করে।
সূত্র: আল জাজিরা, টাইমস অব ইন্ডিয়া