সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার উপসাগরীয় মিত্রদের উদ্দেশে বলেছেন, ইরান যেন হরমুজ প্রণালিকে 'জিম্মি' করে রাখতে না পারে। তিনি জোর দিয়ে বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা মোকাবিলায় আঞ্চলিক দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।
উপসাগরীয় দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক প্রতিরক্ষা বৈঠকে স্টারমার যুক্তরাজ্যের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, লন্ডন শুরু থেকেই উত্তেজনা প্রশমনের পক্ষে এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালিকে ঘিরে চলমান সংকটের টেকসই সমাধান খুঁজতে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কারণ এই জলপথ কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পরও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করেছে, তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রণালি দিয়ে চলাচল করলে তা লক্ষ্যবস্তু করা হবে। তবে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট দাবি করেছেন, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ এমন তথ্য সঠিক নয়। সূত্র: বিবিসি