যুদ্ধক্ষেত্রের নীরব এক বাস্তবতা আবারও সামনে এলো, মরদেহ বিনিময়। রুশ বার্তা সংস্থা তাসের বরাতে জানা গেছে, ৪১ জন রুশ সেনার মরদেহের বিনিময়ে রাশিয়া এক হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করেছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, চলতি বছরের ২ ফেব্রুয়ারি থেকে নিহতদের মরদেহ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বিশেষ করে ২০২৫ সালের জুন থেকে এই কার্যক্রম জোরদার হয়। সেই সময় থেকে এখন পর্যন্ত ১২ হাজারের বেশি মরদেহ ইউক্রেনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে দাবি মস্কোর। বিপরীতে, রাশিয়া পেয়েছে ২০০-এরও বেশি সেনার মরদেহ। সর্বশেষ এই এক হাজার মরদেহ হস্তান্তরের তথ্য সেই ধারাবাহিকতারই অংশ।
এই মানবিক বিনিময়ের মধ্যেই যুদ্ধক্ষেত্রে থেমে নেই সহিংসতা। গত ২৪ ঘণ্টায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় বাহিনী শতাধিক ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক সংকট প্রতিক্রিয়া কেন্দ্র। এতে অন্তত একজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
সংস্থাটির তথ্য অনুযায়ী, গ্রাইভোরনস্কি জেলার বিভিন্ন এলাকয় যেমন গ্রাইভোরন শহরসহ গ্লোতোভো, গোলভচিনো, গোরা-পোদোল, দুনাইকা, জামোস্তিয়ে এবং মোশচেনোয়, মোট ৩৬টি ড্রোন হামলা হয়েছে। এর মধ্যে ১৬টি ড্রোন ভূপাতিত করা সম্ভব হয়েছে বলে দাবি করা হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধের শুরু করে। এই যুদ্ধে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং উভয় পক্ষের বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে।