হাঙ্গেরির রাজনীতিতে দীর্ঘ ১৬ বছরের ‘অরবান যুগের’ অবসান হলো। দেশটিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে শোচনীয়ভাবে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছেন বিরোধী নেতা পিটার ম্যাগিয়ার।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, প্রায় ৯৮ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, পিটার ম্যাগিয়ারের দল ‘তিসজা’ (Tisza) পেয়েছে ৫৩ দশমিক ৬ শতাংশ ভোট। অন্যদিকে, অরবানের দল ‘ফিদেজ’ পেয়েছে মাত্র ৩৭ দশমিক ৮ শতাংশ ভোট।
প্রাথমিক হিসাব অনুযায়ী, হাঙ্গেরির ১৯৯ সদস্যের পার্লামেন্টে ম্যাগিয়ারের দল ১৩৮টি আসন পেতে যাচ্ছে। এর ফলে তারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করবে, যা দেশটির সংবিধান সংশোধনের জন্য যথেষ্ট।
দীর্ঘদিন ক্ষমতায় থাকা ভিক্টর অরবান ইতোমধ্যেই নিজের পরাজয় স্বীকার করে নিয়েছেন। তিনি বিজয়ী নেতা পিটার ম্যাগিয়ারকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।
রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাগিয়ার বলেন, ‘আমাদের বিজয়ে অভিনন্দন জানাতে প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ফোন করেছিলেন।’
জয় নিশ্চিত হওয়ার পর রাজধানী বুদাপেস্টে দানিউব নদীর তীরে উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন ম্যাগিয়ার। তিনি বলেন, ‘আজ রাতে মিথ্যার ওপর সত্য বিজয়ী হয়েছে। হাঙ্গেরির মানুষ তাদের মাতৃভূমির জন্য নতুন এক ইতিহাস লিখেছেন। আজ আমরা জিতেছি কারণ আপনারা নিজের দেশের জন্য দায়িত্ব পালন করেছেন।’
ভিক্টর অরবান ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থেকেও তিনি অনেক সময় রাশিয়ার পক্ষ নিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন।